ভারতে ৫জি প্রযুক্তি স্থাপনের অনুমোদন পেলো হুয়াওয়ে

১ জানুয়ারি, ২০২০ ২০:৩৮  
ভারতে ৫জি নেটওয়ার্ক গড়ে তোলার কাজে অংশ গ্রহণে বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়েকে সবুজ সংকেত দিয়েছে দেশটির সরকার। চীন ও আমেরিকার মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক কোন্দল শুরু হবার পর এই প্রথম বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো ভারত সরকার। ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণাটি এমন এক সময়ে এলো যার কিছু দিন আগে ইতালিরও একজন মন্ত্রী মন্তব্য করেছেন, যে হুয়াওয়েকে ৫জি নেটওয়ার্কে অংশ গ্রহণের সুযোগ দেওয়া উচিত। কাজেই ভারতে কাজের সুযোগ পাওয়ার খবরটি নিঃসন্দেহে হুয়াওয়ের জন্য একটি বড় বিজয়। ভারতের টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সম্প্রতি জানিয়েছেন যে, “সকল ভেন্ডর ও অপারেটরদেরকে সাথে নিয়েই পরীক্ষামূলকভাবে ৫জি চালুর কাজ করা হবে।“ এ জন্য ৫জি স্পেকট্রাম (তরঙ্গ) দেওয়ার বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। হুয়াওয়ের বিষয়ে সুনির্দিষ্ট করে জানতে চাইলে রবিশঙ্কর প্রসাদ বলেন, ৫জি চালুর এই পর্যায়ে আমরা ভেন্ডরদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় ভারতে বিশ্বের দ্বিতীয় বড় ওয়্যারলেস মার্কেট বলা হয়ে থাকে। ৫জি সেবার বিষয়ে আগামী মার্চে দেশটিতে ৫জি’র তরঙ্গ নিলাম বসার কথা রয়েছে। হুয়াওয়ের প্রতি ভারত সরকারের এই সবুজ সংকেতের ফলে এখন প্রতিষ্ঠানটি ঐ নিলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ভারতে টেলিযোগাযোগ কোম্পানিগুলোও সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।